বীর বাহাদুর বরণে ২০০ তোরণ!

রঙ-বেরঙের ডিজিটাল ব্যানার। পথে পথে অভিনন্দন ও শুভেচ্ছা ব্যানার। দুইশর বেশি বাহারি তোরণ। সবখানে সাজ সাজ রব। আজ বৃহস্পতিবার বিকেলে এভাবেই বরণ হতে চলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে টানা সপ্তমবারের মতো নির্বাচিত নৌকার মাঝি বীর বাহাদুর উশৈসিং। বান্দরবানের রাজার মাঠে তাকে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। এজন্য তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার।

ব্যক্তিগত সহকারী (পিএস) সাদেক হোসেন চৌধুরী জানান, সংসদ সদস্য বীর বাহাদুর সড়কপথে বান্দরবান আসবেন। বান্দরবান-চট্টগ্রাম সড়কের দোহাজারীতে প্রথমেই স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। ব্যক্তিগত উদ্যোগে অনেকে তোরণ তৈরি করে শুভেচ্ছা জানাবেন বীর বাহাদুরকে।

বীর বাহাদুর উশৈসিং ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বান্দরবান থেকে ১ লাখ ৭২ হাজার ৭০৮ ভোটে নির্বাচিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশ দেশ রূপান্তরকে বলেন, ‘বান্দরবানের নেতাকর্মীরা কেরানীহাট থেকে সাতবারের নির্বাচিত এমপি বীর বাহাদুর উশৈসিংকে বরণ করবেন। এ সময় থাকবে ৫০০ মোটরসাইকেল এবং ১০০ গাড়ি। পরে বিকেল ৩টায় বান্দরবান রাজার মাঠে বীর বাহাদুরকে দেয়ো হবে গণসংবর্ধনা। প্রায় ২০ হাজার মানুষ এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।’

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, ‘বীর বাহাদুর উশৈসিং টানা সাতবারের নির্বাচিত এমপি। তিনি খুবই অভিজ্ঞ মানুষ। সারা দেশে তার সুনাম আছে। এলাকার মানুষ তাকে অনেক ভালোবাসেন। তার সময়ে পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রীতি বজায় আছে। তাই ভালোবাসার প্রতীক হিসেবে তাকে সর্বস্তরের মানুষ নাগরিক সংবর্ধনা দিচ্ছে।’