ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীকে লক্ষ্য করে আবারও নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে চতুর্থ দফায় হামলার খবর নিশ্চিত করেছেন পেন্টাগন কর্মকর্তারা।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে ছোঁড়া টমাহক ক্ষেপণাস্ত্র দ্বারা হুতিদের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।
হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার উদ্দেশ্যে রাখা প্রায় ১৪টি হুতি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
তবে হামলায় কোন হতাহত হয়েছে কিনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীকে ফের ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হবে বলে ওয়াশিংটনের ঘোষণা দেয়ার পরপরই এ হামলা চালানো হল। তবে সর্বশেষ এই হামলার সাথে যুক্তরাজ্য জড়িত নয় বলে জানিয়েছে দেশটি।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, এই পদক্ষেপ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে গোষ্ঠটির চলমান হামলার প্রতিক্রিয়া হিসাবে ছিল।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে আবারও হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছে, তারা ‘জেনকো পিকার্ডি’ নামের একটি বাল্ক ক্যারিয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেটি লক্ষ্যবস্তুতে ‘সরাসরি আঘাত’ হানে। মার্কিন সেনাবাহিনী বলছে, বুধবার সন্ধ্যায় ওই জাহাজটিতে ড্রোন হামলা হয়েছে।
সেন্টকম জানিয়েছে, তবে হুতিদের হামলায় জাহাজটির কিছু ক্ষতি হলেও হামলায় কোনো ক্রু সদস্য আহত হয়নি।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে সশস্ত্র গোষ্ঠী হুতি। এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।