চীনকে ‘শত্রু’ মনে করা উচিৎ বললেন নিকি হ্যালি

চীনকে যুক্তরাষ্ট্রের ‘শত্রু’ মনে করা উচিৎ, এই মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি। স্থানীয় সময় বুধবার (১৭ জানুয়ারি) নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণায় চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও বলেন তিনি। চীনকে মোকাবেলায় বর্তমানে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলেও মন্তব্য করেন হ্যালি।  

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক এই দূত দাবি করেছেন, চীন যুক্তরাষ্ট্রকে তাদের শত্রু হিসেবে দেখে। কাজেই মার্কিনিদেরও একই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। নিকি হ্যালি বলেন, ‘চীনকে বলতে চাই, ফেন্টানিলের (মাদক) মাধ্যমে মার্কিনিদের হত্যা বন্ধ না করা পর্যন্ত তোমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে।’   

এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) হ্যালির সমর্থকদের চীনপন্থী বলেছিলেন রিপাবলিকানদের আরেক প্রার্থী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।