নিপাহ ভাইরাসে বছরের প্রথম মৃত্যু ঈশ্বরদীতে

পাবনার ঈশ্বরদীতে খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে খোকন মালিথা (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এটাই নিপাহ ভাইরাসে এ বছর প্রথম মৃত্যুর ঘটনা। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। খোকন মালিথা ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রুস্তম মালিথার ছেলে ও সাবেক চেয়ারম্যান সেলিম মালিথার ছোট ভাই এবং ঈশ্বরদী পৌরসভার মেয়র মো. ইছাহক আলি মালিথার ভাজিতা।

প্রয়াত খোকন মালিথার চাচাতো ভাই সাবেক ভিপি মুরাদ আলী মালিথা জানান, গত ৩ জানুয়ারি নিজ বাড়ির খেজুর গাছে লাগানো রস খেয়ে দু-তিন দিন পর জ্বরসহ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ১১ জানুয়ারি অসুস্থ্য খোকন মালিথাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়। সেখানেই বিভিন্ন পরীক্ষা করে তার নিপাহ ভাইরাস শনাক্ত হয়। সেখান থেকে ১৩ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে মারা যান খোকন মালিথা।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পেয়ে আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। আর খোকন মালিথার চিকিৎসার যাবতীয় কাগজপত্রও নিবিড় পর্যবেক্ষণ করছি।