পাকিস্তান সীমান্তে দুই রক্ষীসহ ইরানি কর্নেলকে গুলি করে হত্যা

পাকিস্তান সীমান্তে দুই রক্ষীসহ এক ইরানি কর্নেলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কর্নেলের নাম হোসেইন আলী জাওয়ানফার। তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তা।

বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী খাশ ও জাহেদানের সংযোগ সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। নিহত জাওয়ানফার প্রশাসনিক কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, সুন্নিদের চরমপন্থি গোষ্ঠী জইশ আল-আদল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি এর আগেও প্রদেশে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে আইআরজিসির কুদস ঘাঁটি। তাতে বলা হয়, কর্নেল জাওয়ানফার কুদস ঘাঁটির সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়। এর ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে হামলা চালায় পাকিস্তান। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে, যাদের সবাই বিদেশি নাগরিক বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী।