সামাজিক সমস্যা নিয়ে তারকাদের খুব একটা কথা বলতে দেখা যায় না। এই নীরবতার মাঝে এবার সরব হলেন অভিনেতা সিয়াম আহমেদ। রাজধানী ঢাকার যানজট ও ভিআইপি মুভমেন্ট নিয়ে অন্য অনেকের মতো তিনিও বিরক্ত। এ নিয়ে প্রকাশ্যে প্রকাশ করেছেন হতাশা, চেয়েছেন নিস্তারও।
ফেসবুকে একটি লম্বা পোস্ট সিয়ে রাস্তার যানজট ক্ষোভ প্রকাশ করেছেন সিয়াম। সরকারের কাছে প্রশ্ন ছুঁড়ে বলেছেন, ‘নির্বাচনও শেষ হয়ে গেল। সরকারও প্রতিষ্ঠিত। আপনারা কি দেখতে পাচ্ছেন না, রাস্তার কী অবস্থা? পরিচিত মানুষেরা যখন দেশের অবস্থা নিয়ে নাক সিটকে বিদেশে সেকেন্ড হোম বানায়, তখনও গর্ব করে বলি, নিজের দেশ ছেড়ে কোথাও যাবো না। ভালো লাগে বলতে, আপন লাগে।’
‘ভিআইপি মুভমেন্ট’ বিষয়ে তার কথা, ‘একটা মানুষ যদি প্রতি দিন ৩ ঘণ্টার বেশি সময় রাস্তায় জ্যামে বসে থাকে, তাহলে কাজ করবে কীভাবে? প্রতিদিন যেন আরেকটু বেড়েই যাচ্ছে। মড়ার উপর খাঁড়ার ঘা হলো ‘ভিআইপি মুভমেন্ট’। অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো থাকে!”
শেষে সরকারের প্রতি আহবান জানিয়ে সিয়াম বলেছেন, ‘দয়া করে এখনও যারা দেশকে ভালোবেসে থেকে যেতে চায়, তাদের থাকার ব্যবস্থা করে দিন। রিজিকের জন্য সবাইকেই প্রতিদিন অনেক জায়গায় চলাচল করতে হয়। তাদের কথাটা দয়া করে মাথায় রাখুন। আমাদের সাহায্য করুন, যাতে আমরাও পরিবার ও দেশটাকে সাহায্য করতে পারি।’