দীর্ঘতম টাইব্রেকার জিতে ইতিহাস গড়লেন রুশকন্যা

নারী গ্র্যান্ড স্ল্যাম টেনিসের দীর্ঘতম টাইব্রেকারে গতবারের রানার্সআপ এলিনা রিবাকিনাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রাশিয়ান আনা ব্লিনকোভা। বিকেলে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন নারী এককের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-৪, ৪-৬, ৭-৬ গেমে জয় তুলে নেন প্রথমবার এই টুর্নামেন্ট খেলতে নামা ব্লিনকোভা। প্রথম সেট ৩৬ মিনিটে জিতলেও পরের সেট জিতে সমতা এনেছিলেন তৃতীয় বাছাই রিবাকিনা। তৃতীয় সেট টাইব্রেকারে গড়ালে সমান তালে পয়েন্ট জিততে থাকেন দুই প্রতিযোগী। শেষপর্যন্ত ২২-২০ পয়েন্টে জিতে যান ৫৭ র‌্যাংকিংয়ের ব্লিনকোভা। ৩০ মিনিটের টাইব্রেকসহ ১ ঘণ্টা ৩৪ মিনিট লেগেছে সেটটি নিষ্পত্তি হতে। এর আগে নারী গ্র্যান্ড স্ল্যামে দীর্ঘ টাইব্রেকার ছিল গতবারের ফ্রেঞ্চ ওপেনে লেসিয়া সুরেনকো ও আন্না বোগদানের মধ্যে, যেখানে তৃতীয় সেটে ২০-১৮ পয়েন্টে জয়ী হন লেসিয়া।