আমদানিকৃত গাড়ি স্থান পরিবর্তনে হয়রানির অভিযোগ

মোংলা ও চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত গাড়ি ঢাকাসহ বিভিন্ন জেলার প্রবেশ পথে অযৌক্তিকভাবে হয়রানির অভিযোগ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটির এমন অভিযোগের পর অযৌক্তিকভাবে হয়রানি না করার আশ্বস দিয়েছে ট্রাফিক পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) বারভিডার সম্মেলন কক্ষে বারভিডা ও মতিঝিল ট্রাফিক বিভাগের ‘ট্রাফিক সচেতনতামূলক’ যৌথ বৈঠক এ বিষয়ে আলোচনা হয়। পরে বারভিডার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বারভিডা প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারভিডার সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট ২ ও বারভিডা বিআরটিএ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রিয়াজ রহমান। এছাড়া সংগঠনের বিপুল সংখ্যক সদস্যসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

বারভিডার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মোংলা ও চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত গাড়ি ঢাকাসহ বিভিন্ন জেলার প্রবেশ পথে অযৌক্তিকভাবে যাতে কোনো মামলার শিকার না হয় এবং বিআরটিএ’র গ্যারেজ টোকেন যৌক্তিকতার সঙ্গে দেখার অনুরোধ করা হয়। পরে মতিঝিল ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মদ মইনুল হাসান বারভিডার প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং অযৌক্তিকভাবে কেউ কোনো হয়রানির শিকার হবে না বলে আশ্বাস দেন।

ডিসি মইনুল হাসান তার বক্তব্যে প্রত্যেক শোরুমের সামনে যাতে আগত ক্রেতা কিংবা বিক্রেতা কোনো গাড়ি মূল সড়কে অবৈধ পার্কিং না করেন, সেই অনুরোধ জানান। একইসঙ্গে প্রত্যেক ব্যবসায়ীকে তার স্ব স্ব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা করতে বলেন।