ফরিদপুরের ভাঙ্গায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে ইসরাফিল শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে।
ওই গ্রামের জাকির মোল্লার বাড়িতে চুরি করতে গেলে গণপিটুনিতে ইসরাফিল শেখ নিহত হয়। নিহত ইসরাফিল শেখ উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের বাসিন্দা। পরে ভাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার ভদ্রকান্দা গ্রামের জাকির মোল্লার ঘরের তালা ভেঙে চুরি করতে থাকেন এক ব্যক্তি। এসময় পাশের রুমে ঘুমিয়ে থাকা মসজিদের ইমাম চোরের উপস্থিতি টের পেয়ে মোবাইলে কল করে আশপাশের লোকদের খবর দেয় এবং পরে মাইকে ঘোষণা দেন। এখবর পেয়ে গ্রামবাসী জড়ো হয়ে চোর চোর বলে ধাওয়া করে। সে সময় চোর দৌড়ে পালাতে গিয়ে বাড়ির পাশে বাগানের মধ্যে চোরকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ইসরাফিল মারা যান। পরবর্তীতে জানা যায় নিহত ব্যক্তির নাম ইসরাফিল।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইসরাফিল নামের একজনের মরদেহ উদ্ধার এবং সুরতাহাল রির্পোট শেষে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, ইসরাফিল পেশাদার একজন চোর। বুধবার দিবাগত রাতে চুরি করতে গেলে ইমাম সাহেব টের পেয়ে গ্রামবাসীকে জানান। পরে গ্রামবাসী তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ভাঙ্গা থানার একটি টিম রাতেই ওখানে গিয়ে ইসরাফিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।