মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘সমাজ বাঁচাতে সবাই মিলে মাদকের বিস্তার রোধ করতে হবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে বিভিন্ন গ্রামে-মহল্লায় জনসংযোগ, জনসভা করেছি। সে সুবাধে সব ধরনের মানুষের সঙ্গে মিশে তাদের কথা শুনার সুযোগ হয়েছে। তাদের সবচেয়ে বেশি অভিযোগ, মাদকের ব্যাপক বিস্তার। অনেকেই গোপনে আবার অনেকেই সাহস করে প্রকাশ্যেই মাদক ব্যবসায়ীদের নাম বলেছেন। তাদের তথ্যে মনে হচ্ছে গ্রামেই মাদকের বিস্তার বেশি। সেগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন সড়ক-মহাসড়কে অটোরিকশা, সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনে ব্যাপক চাঁদাবাজির খবর শোনা যাচ্ছে। এ ছাড়া মহাসড়কের ফুটপাত ও ফ্লাইওভারের নিচে হাটবাজার, হোটেল, দোকানপাট রয়েছে। এগুলো সেখানে থাকা উচিত নয়। আর এসবের মাধ্যমে কিছু সংখ্যক স্বার্থ্যবাদী লোক সুবিধা নিচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।