এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১ বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ করল দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। গত বুধবার মধ্যরাতে রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশন কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় বর্ষপূর্তির আয়োজন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশীদ সিআইপি, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের অন্যতম পরিচালক মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আবদুল গাফফার, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ অন্য অতিথিদের নিয়ে কেক কাটেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পরিচালক মাহির আলী খাঁন রাতুল বলেন, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খাদ্য ও নিরাপত্তায় শতভাগ স্বনির্ভরতা অর্জন তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করবে এশিয়ান টেলিভিশন।

এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশীদ সিআইপি বলেন, দর্শক-শুভাকাক্সক্ষীদের ভালোবাসায় উজ্জীবিত হয়ে আগামী দিনের পথ চলবে এশিয়ান টেলিভিশন। সরকারের নানা সাফল্য এশিয়ান টেলিভিশনের পর্দায় থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, ১১ বছরে নানা অনুষ্ঠানমালা ও নিরপেক্ষ সংবাদ প্রচার করে সব মানুষের প্রিয় চ্যানেল পরিণত হয়েছে এশিয়ান টেলিভিশন। এ ধারা সব সময় অব্যাহত থাকুক বলেও দাবি করেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সরকারের উন্নয়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় পাশে ছিল এশিয়ান টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ জাতি গঠনে এশিয়ান টেলিভিশন আগামীতে আরও জোরালো ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।