মিচেল-ফিলিপসের রেকর্ড জুটিতে আবার হার পাকিস্তানের

কিউইদের কাছে হেরেই চলেছে পাকিস্তান। অধিনায়ক শাহিনশাহ আফ্রিদির ভাগ্যের শিঁকে ছিড়ছেই না। ক্রাইস্টচার্চে কোভিডে জর্জরিত নিউজিল্যান্ডের কাছে আজ পাকিস্তান হেরেছে ৭ উইকেটে।

আজ সিরিজে প্রথমবারের মতো টস জেতেন মিচেল স্যান্টনার। পাকিস্তানকে পাঠান ব্যাটিংয়ে। ৬৩ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস উপহার দেন মোহাম্মদ রিজওয়ান। টানা তিন ফিফটি করা বাবর এদিন আউট হন ১৯ রান করে। আজম খানের বদলে একাদশে আসা সাহিবজাদা ফারহান করেন মাত্র ১ রান। শেষদিকে মোহাম্মদ নাওয়াজের ৯ বলে ২১ রানের সুবাদে ৫ উইকেটে ১৫৮ রান করে পাকিস্তান।

জবাবে দূরন্ত ফর্মে থাকা ফিন অ্যালেন আজ ফেরেন ৪ বলে ৮ রান করে। সেইফার্ট ফেরেন গোল্ডেন ডাকে। ২০ রানেই ৩ উইকেট হারায় কিউইরা। এর পর চতুর্থ উইকেটে কিউইদের ইতিহাসের রেকর্ড জুটি গড়েন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসনের ১২৪ রানের জুটি ছাপিয়ে এ দুজন মিলে করেন অপরাজিত ১৩৯ রান। ফিলিপস ৫২ বলে ৭০ ও মিচেল ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। তাতে ১১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় কিউইরা।

ম্যাচশেষে আফ্রিদি আক্ষেপ করেছেন, ‘ম্যাচটি জিততে পারতাম, কিন্তু আমরা সুযোগ হাতছাড়া করেছি।’ কিউই দলে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ডেভন কনওয়ে ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে তাদের। হোয়াইটওয়াশ এড়াতে রবিবার সিরিজের শেষ ম্যাচে নামবে পাকিস্তান।