যারা আশ্রয় দিলেন তাদেরকেই পুড়িয়ে মারার চেষ্টা যুবকের

ঢাকার দোহার এলাকায় একই পরিবারের পাঁচজনকে বাড়িতে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় পরিকল্পনাকারী মো. রুবেল (২১) ও তার সহযোগী রানা মাহমুদকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তাদের ঢাকার আশুলিয়া ও দোহারের ধীৎপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত রুবেলকে আশ্রয় দিয়েছিল ভুক্তভোগী পরিবার। আর সেটাই যেন কাল হলো তাদের। দুষ্ট প্রকৃতির এবং কথাবার্তা ও চালচলন পছন্দ না হলে তাকে বের করে দেয় বাসা থেকে। আর সে প্রতিশোধ নিতেই রুবেল পুরো পরিবারকে ঘরবন্ধ করে তালা মেরে পুড়িয়ে মারার জন্য ঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গত ১৬ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে ঢাকার দোহারের ধীৎপুর এলাকায় একটি বাড়িতে তালাবদ্ধ করে বাড়ির চতুর্দিকে পেট্রোল ঢেলে আগুন জালিয়ে দেয়। তখন ওই বাড়ির ৫ সদস্য জুলহাস উদ্দিন শেখ (৪৮), তার স্ত্রী ফাহিমা আক্তার (৩৫), মেয়ে জান্নাত (১২), ছেলে জুনায়েদ (৯) ও ভাতিজি তাবাসসুম (৯) দগ্ধ হয় এবং শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দেখা দেয়। এ বিষয়ে মামলা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ান। পরে তারা রুবেল ও তার সহযোগী রানাকে গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রুবেল বাড়ির চালের টিনের মিস্ত্রির কাজ করে। রুবেল ভিকটিম জুলহাসকে দুঃসম্পর্কের মামা বানিয়ে তার বাড়িতে আশ্রয় নেয়। পরে তার কথাবার্তা ও চালচলন পছন্দ না হলে ঘটনার ১৩-১৪ দিনি আগে তাকে বাসা ছেড়ে দিতে বলে ভিকটিম জুলহাস। সেটাই যেন কাল হলো তাদের। রুবেল তাকে বের করার প্রতিশোধ নিতে ১৬ জানুয়ারি মাঝরাতে জুলহাস ও তার পরিবারের সবাই ঘুমিয়ে পরলে বাইরে থেকে ঘর তালা মেরে পূর্বপরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে তাদের পুড়িয়ে মারার চেষ্টা করে।