এম.ভি বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুরের পরিবারকে সহায়তা

ইউক্রেনে ক্ষতিগ্রস্ত এম.ভি বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারকে বিএসসির জাহাজী কর্মকর্তা ও নাবিকদের পক্ষ হতে ৪ হাজার ২০০ মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকাস্থ বিএসসি টাওয়ারে ভুক্তভোগীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. জিয়াউল হক।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এম.ভি বাংলার সমৃদ্ধি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থানকালীন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আক্রমণের শিকার হয়। গত ২ মার্চ আক্রমণে ঘটনাস্থলে জাহাজে কর্মরত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়।

উল্লেখ্য, বিএসসির পক্ষ থেকে MLC (Maritime Labour Convention) চুক্তি অনুযায়ী গত ১৬ জুন ইউক্রেনে ক্ষতিগ্রস্ত এম.ভি বাংলার সমৃদ্ধি জাহাজের ৩য় প্রকেীশলী মরহুম হাদিসুর রহমানের পরিবার এবং কর্মকর্তা ও নাবিকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়।