মামলা ছাড়া কোর্টে চালানের হুমকি পুলিশ কর্মকর্তার!

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিবাদে প্রয়াত এক সাংবাদিকের স্ত্রীকে মামলা ছাড়াই ধরে এনে আদালতে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে ওই পুলিশ কর্মকর্তা তার মোবাইল ফোন থেকে প্রয়াত সাংবাদিকের স্ত্রীকে কল করে এমন হুমকি দেন। যে কথোপকথনের একটি অডিও ক্লিপ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হুমকি দেওয়া পুলিশ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চকরিয়া থানার অধীনে হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক পদে কর্মরত রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫৯ সেকেন্ডের অডিও ক্লিপে জাহাঙ্গীর আলমকে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি পরিচয় দিয়ে প্রয়াত সাংবাদিক এবিএম ছিদ্দিক আহমদের স্ত্রী হাছিনা খানমের মোবাইল ফোনে কল করতে শোনা যায়। অবশ্য কলটি রিসিভ করেন হাছিনা খানমের ছোট ছেলে আরশাদ। এ সময় পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম হুমকির সুরে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘এই, হাছিনা খানম না? আমি হারবাং পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর জাহাঙ্গীর বলছি। তোমাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জমিতে কেন কাজ করতেছ। তোমরা কাজ বন্ধ করো। না হয় আমি পুলিশ পাঠিয়ে ফাঁড়িতে ধরে নিয়ে আসব এবং কোর্টে চালান করে দেব।’

এ ব্যাপারে জানতে চাইলে পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘সাংবাদিকের পরিবারের বিরুদ্ধে কিছু লোক জমিসংক্রান্ত বিষয়ে ফাঁড়িতে অভিযোগ করেছে। আমি তাদের ফাঁড়িতে আসতে বলেছি।’ কিন্তু কোনো মামলা না

থাকলেও পুলিশ পাঠিয়ে ধরে এনে আদালতে পাঠানোর হুমকির বিষয়ে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।