ঢাকার দোহার এলাকায় একই পরিবারের পাঁচজনকে বাড়িতে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. রুবেল (২১) ও তার সহযোগী রানা মাহমুদকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়া ও দোহারের ধীৎপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত রুবেলকে আশ্রয় দিয়েছিল ভুক্তভোগী পরিবার। এক সময় কথাবার্তা ও চালচলন পছন্দ না হলে তাকে বের করে দেওয়া হয়। আর সে প্রতিশোধ নিতেই রুবেল পুরো পরিবারকে ঘরবন্ধ করে তালা মেরে পুড়িয়ে মারার জন্য ঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
র্যাব-১০-এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গত ১৬ জানুয়ারি রাত ৩টার দিকে ঢাকার দোহারের ধীৎপুর এলাকায় একটি বাড়িতে তালাবদ্ধ করে বাড়ির চতুর্দিকে পেট্রোল ঢেলে আগুন জালিয়ে দেয়। তখন ওই বাড়ির পাঁচ সদস্য জুলহাস উদ্দিন শেখ (৪৮), তার স্ত্রী ফাহিমা আক্তার (৩৫), মেয়ে জান্নাত (১২), ছেলে জুনায়েদ (৯) ও ভাতিজি তাবাসসুম (৯) দগ্ধ হয় এবং শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। এ বিষয়ে মামলা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ান। পরে তারা রুবেল ও তার সহযোগী রানাকে গ্রেপ্তার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রুবেল বাড়ির চালের টিনের মিস্ত্রির কাজ করেন। রুবেল ভিকটিম জুলহাসকে দুঃসম্পর্কের মামা বানিয়ে তার বাড়িতে আশ্রয় নেন। পরে তার কথাবার্তা ও চালচলন পছন্দ না হলে ঘটনার ১৩-১৪ দিন আগে তাকে বাসা ছেড়ে দিতে বলেন ভিকটিম জুলহাস। সেটাই যেন কাল হলো তাদের। রুবেল তাকে বের করার প্রতিশোধ নিতে ১৬ জানুয়ারি মাঝরাতে জুলহাস ও তার পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে বাইরে থেকে ঘর তালা মেরে পূর্বপরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে তাদের পুড়িয়ে মারার চেষ্টা করেন।