সাংবাদিকের অফিস ভাঙচুর হত্যার হুমকি

কুমিল্লার মুরাদনগরে এক সাংবাদিকের অফিস ও অনলাইন নিউজ পোর্টালের স্টুডিওতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ ছাড়া ওই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়।

গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের পশু হাসপাতাল এলাকায় দৈনিক মানবকণ্ঠের মুরাদনগর উপজেলা প্রতিনিধি এবং মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফের ব্যক্তিগত অফিস ও অনলাইন নিউজ পোর্টাল মুরাদনগর লাইভ টিভির স্টুডিওতে হামলার ওই ঘটনা ঘটে।

সাংবাদিক মাহবুব আলম আরিফ বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে দুদিন ঢাকায় অবস্থান করছিলাম। সকাল ১১টায় জানতে পারি আমার অফিসে ও মুরাদনগর লাইভ টিভির স্টুডিওতে অজ্ঞাতপরিচয় কিছু সন্ত্রাসী তালা ভেঙে সেখানে থাকা আসবাবপত্র ভাঙচুর করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। আমি ঢাকা থেকে এসে মুরাদনগর থানা পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

‘এ সময় সেখান থেকে একটি চিরকুট উদ্ধার করেন মুরাদনগর থানার এসআই ওমর। যেখানে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’

এ ছাড়া বিকেল ৩টা ২২ মিনিটে আমার মোবাইল ফোনে কল করে অচেনা একটি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়।’

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর বলেন, ‘বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’