চট্টগ্রামে শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলামের সমালোচনা হলেও বাস্তবায়ন হবে

নতুন শিক্ষা কারিকুলামের সমালোচনা হলেও এর বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘আমাদের যে সিদ্ধান্তগুলো শিক্ষাবিদদের সঙ্গে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে, শুধুমাত্র সমালোচিত হব এই ভয়ে যে সিদ্ধান্ত যথার্থ এবং সঠিক সেটা নেব না, তা হতে দেওয়া যায় না। দৃঢ়ভাবে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের অবশ্যই করতে হবে। এটার কোনো বিকল্প নেই।’ গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে আমি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আছি। আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিরা তারা তাদের জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষা পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

নতুন কারিকুলাম নিয়ে সমালোচনা ও গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলেও ইতিবাচক কিছু প্রচার হচ্ছে না- সাংবাদিকের এমন কথার জবাবে মন্ত্রী বলেন, ‘নেগেটিভ জিনিস ভাইরাল হয় বেশি। নিবন্ধিত, আইনত ও স্বীকৃত গণমাধ্যম সেটা আপনারা যেভাবে অনুসন্ধান করে একটি তথ্য দেন সেভাবে কিন্তু সাধারণ মানুষ বা যারা অপপ্রচার করে বা আমরা যারা ব্যবহার করি তারা দিই না। অজান্তে আমরা এসব প্রচারণায় জড়িয়ে পড়ি। সেটা মোকাবিলা করা বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ।’

চট্টগ্রামে তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর চট্টগ্রামকে ঘিরে অনেক উন্নত ও আন্তর্জাতিক মানের অবকাঠামো করে দিয়েছেন। এখন কীভাবে তরুণ প্রজন্মের কর্মসংস্থান হবে সে বিষয়ে আমাদের বিশেষভাবে কাজ করতে বলেছেন।’