পাটুরিয়ায় ফেরিডুবি

অবস্থানই নিতে পারেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়

পাটুরিয়া ফেরিডুবির তৃতীয় দিন গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে উদ্ধারকারী জাহাজ গতকাল শেষ পর্যন্ত ফেরি উদ্ধারের মূল কাজ শুরুই করতে পারেনি। পজিশন নিতেই পড়েছে বিড়ম্বনা।

গতকাল সরেজমিনে দেখা যায়, প্রত্যয় জাহাজের হুক ডুবন্ত ফেরিতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লাগাতেই পারেননি। এটাকে উদ্ধার কাজ শুরু বলা যায় না বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত ট্রাকচালক ও মালিকদের। অন্যদিকে প্রত্যয় আসার পর অলস সময় পার করছে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা।

মুজিবল হক নামে ভুট্টা ব্যবসায়ী বলেন, আগে বলত, প্রত্যয় এলে বাকি ট্রাক উদ্ধার কাজ শুরু হবে। টিভিতে কর্র্তৃপক্ষ বক্তব্য দিচ্ছে প্রত্যয় কাজ শুরু করেছে। অথচ ঘাটে ২টার দিকে পৌঁছালেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফেরি ওঠানোর আংশিক কাজই শুরু করতে পারেনি।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, আমরা এ পর্যন্ত তিনটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি ছয়টি ট্রাক শনাক্ত করতে পারিনি। প্রত্যয় ঘাটে এসে কাজ শুরু করেছে।

নৌবাহিনীর লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিআইডব্লিউটিসির ডুবুরি দল যৌথভাবে কাজ করছে। নিখোঁজ হুমায়ন কবিরকে আমরা শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খুঁজে পাইনি।

কেন দেরি হচ্ছে ফেরি ওঠাতে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ভাসমান ফেরি আর ডুবন্ত ফেরির পজিশন এক নয়। এ ডুবন্ত ফেরিটি সম্পূর্ণ উল্টো অবস্থায় আছে। তাই আমাদের অপারেশন পরিচালনা করতে একটু বিলম্ব হচ্ছে। তবে আমরা দ্রুত চেষ্টা করছি ফেরি উদ্ধারের দৃশ্যমান কাজ শুরু করতে।

বিআইডব্লিউটির চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, শুক্রবার সকাল থেকে আমারা ডুবন্ত ফেরির বিভিন্ন শক্ত স্থানে রশি দিয়ে বাঁধার কাজ করছি। ফেরির ভেতরে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ঢোকানো হয়েছে। এখন ওই ব্যাগে বাতাস দেওয়া হচ্ছে। দুপুর ২টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছে। বিকেল ৪টার দিকে ডুবন্ত ফেরির কাছে পৌঁছালেও মূল কাজ শুরু করতে পারিনি। সন্ধ্যা ৭টার পর উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে।

গত বুধবার রজনীগন্ধা নামে ছোট একটি ফেরি সকাল সাড়ে ৮টার দিকে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে নিচের অংশ ফেটে পানি ঢুকে ডুবে যায়। ২০ জন যাত্রী উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে সহকারী ইঞ্জিনচালক হুমায়ন কবির। আর ডুবে যাওয়া নয়টি ট্রাকের মধ্যে তিনট্রাক উদ্ধার করতে পেরেছে।