৪২ বছর পর জাপানকে হারিয়েও চিন্তিত ইরাকি কোচ

কাতারের আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার রাতে র‍্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে থাকা জাপানকে ২-১ গোলে হারায় ৬৩ নম্বরের ইরাক। ৪২ বছর পর জাপানকে হারাল ইরাক। জাপানের বিপক্ষে ১৩ ম্যাচে ইরাকের তৃতীয় জয় এটি। এর আগে সবশেষ জয়টি ছিল ১৯৮২ সালের নভেম্বরে, এশিয়ান গেমসে।

এই জয়ে এশিয়ান কাপের নকআউট পর্বের টিকেটও নিশ্চিত করেছে ইরাক। তবে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না ইরাকের কোচ জেসুস গার্সিয়া। 'ইরাকি জনগণের জন্য দারুণ একটা দিন, কিন্তু আমাদের জন্য এটি স্রেফ একটি জয়। আমাদের ৬ পয়েন্ট আছে, কিন্তু খেলোয়াড়দের এখন অবশ্যই ভিয়েতনাম ম্যাচের কথা ভাবতে হবে এবং খেলোয়াড়দের বিশ্রাম দরকার। খেলোয়াড়দের নিয়ে আমি খুবই গর্বিত।'

টানা ১১ ম্যাচ জিতে খেলতে নামা জাপানের বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটেই ইরাককে এগিয়ে নেন আয়মেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুটি গোলই করেন হেডে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমায় জাপান।