ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে গত বছরের জানুয়ারিতে সৌদি লিগের দল আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের ফুটবল থেকে দূরে থাকা রোনালদো এবার বললেন, সৌদি লিগ ফ্রেঞ্চ লিগের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এমন দাবি করেন রোনালদো। ২০২৩ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনটি ট্রফি জিতেছেন রোনালদো সেগুলো হলো- সেরা গোলস্কোরারের জন্য ম্যারাডোনা অ্যাওয়ার্ড, ফ্যানস ফেবারিট প্লেয়ার অব দ্য ইয়ার এবং মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়।
সৌদি প্রো লিগের মান কেমন এ বিষয়ে জানতে চাওয়া হলে রোনালদো বলেছেন, 'যার যা খুশি বলতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। প্রায় এক বছর সেখানে খেলছি, তাই কী বিষয়ে কথা বলছি, সেটা আমি জানি। আমার মতে, এখন আমরা ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপের চেয়ে ভালো এবং আরও উন্নতির পথেই আছি।'
ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবলজয়ী আর্লিং হলান্ড জিতেছেন পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
৩৮ বছর বয়সী রোনালদো আল নাসরের হয়ে ২০২৩ সালে ৫৪ গোল করেন। কবে অবসর নেবেন, তা নিয়েও জানতে চাওয়া হয়েছিল রোনালদোর কাছে। মজার চলে বলেন, ‘সত্যি বলতে, এই মুহূর্তে জানি না কবে থামব। হ্যাঁ, এটা দ্রুতই হবে। হয়তো আরও ১০ বছর। মজা করলাম! আমি আসলে জানি না। দেখা যাক কী ঘটে।’