আবাহনী-মোহামেডানের জয়

প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে স্টুয়ার্ট কর্নেলিয়াসের জোড়া গোলে শেখ রাসেলের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে গতবারের রানার্স আপ আবাহনী। ধানমন্ডির ক্লাবটির জয়ের দিনে আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানও জিতেছে। তবে এগিয়ে থেকে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ রাসেলকে ৩-১ গোলে বিধ্বস্ত করে আবাহনী। তিনটি গোলের সঙ্গেই জড়িয়ে আছে কর্নেলিয়াসের নাম। প্রথমটি করিয়েছেন, পরের দুটো করেছে। ১২ মিনিটে তার অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন কর্নেলিয়াস।

৭৩ মিনিটে একটি গোল শোধ করেন শেখ রাসেল ফরোয়ার্ড সুমন রেজা। তবে ৮৫ মিনিটে কর্নেলিয়াসের দ্বিতীয় গোলে পূর্ণ ৩ পয়েন্ট ও লিগের দ্বিতীয় জয় নিশ্চিত করে আবাহনী।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শক্তিশালী পুলিশের বিপক্ষে মোহামেডানের জয় ৩-২ গোলের ব্যবধানে। লিগে এটি তার তৃতীয় জয়। সুলেমান দিয়াবাতের পাস থেকে জাফর ইকবালের গোলে ২৭ মিনিটেই লিড নেয় সাদা-কালোরা। তবে সাত মিনিট পরেই খেলায় ফেরে পুলিশ। মাতিও পালাসিয়স সমতায় ফেরান পুলিশকে।

দ্বিতীয়ার্ধের ৭০ ও ৭৮ মিনিটে আরও দুই গোল করেন মোহামেডান। দ্বিতীয় গোলের কারিগর দিয়াবাতে, গোলদাতা মুজাফফরাভ। আর শেষ গোলটির ক্ষেত্রে মুজাফফরাভের বানিয়ে দেওয়া বল জালে পাঠান সুলেমান দিয়াবাতে। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টায় ৮৪ মিনিটে একটি গোল শোধ করে পুলিশ। স্কোরশিটে নাম ওঠান শাহেদ হোসেন। তাতে ম্যাচ রক্ষা করা যায়নি। দ্বিতীয় রাউন্ডে শেখ জামালের পর চতুর্থ রাউন্ডে মোহামেডানের কাছে হারতে হয় ‍পুলিশকে।

দিনের শেষ ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত জোড়া গোলে এগিয়ে থেকেও দুই মিনিটে চট্টগ্রাম আবাহনীর কাছে দুই গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ব্রাদার্স ইউনিয়ন। মুন্সিগঞ্জে ম্যাচের ১১ ও ৫৩ মিনিটে ব্রাদার্সের হয়ে জোড়া গোল করেন মাহবুবুর রহমান। দুটি গোলেই তাকে অ্যাসিস্ট করেন মিশরীয় মিডফিল্ডার মোস্তফা কাহরাবা। তবে ৮০ ও ৮১ মিনিটে আচমকা দুটো গোল হজম করতে হয় তাদের। আবু আজিজের অ্যাসিস্টে গোল দুটো করেন হেমন্ত বিশ্বাস ভিনসেন্ট ও নাসির উদ্দিন। তাতেই পূর্ণ তিন পয়েন্ট খোঁয়াতে হয় তাদের।

লিগের চার ম্যাচে দৃটি বিশাল হার ও দুই ড্রয়ে টেবিলের তলানীতে অবস্থান শীর্ষ লিগে ফেরা ব্রাদার্সের। সমান পয়েন্ট নিয়ে একধাপ ওপরে আছে চট্টগ্রাম আবাহনী। ১০ পয়েন্ট নিয়ে মোহামেডান উঠে এসেছে দুইয়ে। ৭ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান তিনে।