টাঙ্গাইলের ভূঞাপুরে ১৩ ঘণ্টার ব্যবধানে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার গোবিন্দাসী গ্রামে চাচা আবুল হোসেন (৮০) সকাল ৮টায় ও ভাতিজা খন্দকার হারুনুর রশিদ (৫০) রাত ৯টায় মারা যান। হারুনুর রশিদ গোবিন্দাসী গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে গোবিন্দাসী গ্রামের চাচা আবুল হোসেনের মৃত্যু হয়। চাচার মৃত্যুর খবর ভাতিজা হারুনুর রশিদ তার ফেসবুকে স্ট্যাটাস দেন। পরে আবুল হোসেনকে বাদ আসর গোবিন্দাসী কেন্দ্রীয় কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। পরে রাত ৮ টার দিকে পাশের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে রাস্তায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান খন্দকার হারুনুর রশিদ। তার অবস্থা খারাপ দেখে আশ-পাশের লোকজন উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় গোবিন্দাসী কেন্দ্রীয় কবরস্থানে জানাজার নামাজ শেষে চাচার পাশেই তাকে দাফন করা হয়।
হারুন খন্দকারের বড় ভাই হাকিম খন্দকার জানান, বার্ধক্য জনিত কারণে সকালে চাচার মৃত্যু হয়। রাত ৯টায় ছোট ভাই হারুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
হারুন খন্দকার ও চাচা আবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার।
তিনি জানান, হারুন আমার খুব কাছের বন্ধু ছিল। সে ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।