ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সঙ্গে যৌথ উদ্যোগে মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান উপায় নিয়ে এসেছে দেশের প্রথম এমএফএস কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড। সম্প্রতি নতুন এ সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাজারে প্রচলিত অন্য কার্ডের মতো এই কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া এবং ব্যাংকে না গিয়েই পেতে পারেন গ্রাহকরা। ডুয়েল কারেন্সিসহ ফ্রি লোডের মতো অন্যান্য সুবিধার কার্ডটি গ্রাহক ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। এই কার্ডের মাধ্যমে ইউসিবি এবং উপায় আর্থিক সেবায় অন্তর্ভুক্তি এবং আর্থিক স্বাধীনতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। কোনো কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা ছাড়া ডিজিটাল পদ্ধতিতে এই কার্ডের আবেদন করতে পারবেন উপায় গ্রাহকগণ। উপায়ের গ্রাহক নিজের অ্যাপ কিংবা উপায়ের নির্দিষ্ট এজেন্ট পয়েন্ট থেকে এই কার্ডের আবেদন করতে পারবেন।
এ ছাড়া গ্রাহক নিজে কিংবা উপায়ের যেকোনো এজন্টের মাধ্যমে এই কার্ডে লোড করতে পারবেন। ডুয়াল কারেন্সি সমর্থিত এই প্রিপেইড কার্ডের মাধ্যমে গ্রাহকগণ দেশের পাশাপাশি বিদেশি মুদ্রায় লেনদেনও করতে পারবেন। কার্ডটির মাধ্যমে এর ব্যবহারকারীরা দেশে-বিদেশে এটিএম সুবিধা, মার্চেন্ট পেমেন্ট (অনলাইন ও অফলাইন) এবং ডিজিটাল মার্কেটিং পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। টাকা উত্তোলন এবং পেমেন্ট সুবিধা ছাড়াও এই কার্ডে ন্যূনতম ব্যাল্যান্স রাখার কোনো বাধ্যবাধকতা থাকছে না।