এবার সত্যিই বিমানবন্দরে যেতে হচ্ছে সোয়ানতেককে

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লোমহর্ষক জয় পেয়েছিলেন নারী টেনিসের শীর্ষ বাছাই ইগা সোয়ানতেক। আগের রাউন্ডে ড্যানিয়েল কলিন্সের সঙ্গে ম্যাচ নির্ধারণী শেষ সেটে ১-৪ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছিলেন ইগা। ম্যাচশেষে বলেছিলেন, ‘মনে হয়েছিল বিমানবন্দরে পৌঁছে গেছি।’ ওই ম্যাচে না হলেও তৃতীয় রাউন্ড থেকেই সরাসরি বিমানবন্দরের পথ ধরতে হলো পোল্যান্ডের এই তারকাকে। শনিবার ১৯ বছর বয়সী চেক প্রজাতন্ত্রের লিন্ডা নোসকোভার কাছে হেরে গেছেন ইগা।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় লিন্ডার সঙ্গে প্রথম সেটটি ৬-৩ ব্যবধানে জেতেন ইগা। পরের দুই সেটে হার মানেন ৩-৬ ও ৪-৬ গেমে। উচ্ছ্বসিত লিন্ডা ম্যাচশেষের প্রতিক্রিয়ায় জানান, ‘আমার জন্য অবিশ্বাস্য এক ম্যাচ ছিল এটি। এমন ম্যাচটি জিততেই চেয়েছিলাম, ভালো লাগছে সেটি করতে পেরেছি।’

১৯ বছরের উঠতি তারকা লিন্ডা নোসকোভা

অতিরিক্ত চাপেই ম্যাচ হেরেছেন বলে স্বীকার করে নিয়েছেন ইগা। বলেন, ‘আমি তাড়াহুড়া করেছি। নিজের স্বাভাবিক খেলাটা আমি খেলিনি। অন্যান্য টুর্নামেন্টের চেয়ে এখানে একটু বেশি চাপ নিতে হয়েছে।’

নারী টেনিসের শীর্ষ দশের মধ্যে কেবল তিনজনই টিকে রইলেন আসরে। তারা হলেন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা, ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গফ ও বারবোরা ক্রেইচিকোভা।