অন্যরকম একটা অভিষেক হলো এনামুল হক বিজয়ের। বিপিএলের দ্বিতীয় আসর থেকেই নিয়মিত মুখ তিনি। তবে কখনও নেতৃত্ব দিতে দেখা যায়নি। মাঝে প্রস্তাব পেলেও তাতে সায় দেননি। অবশেষে এবারের আসরে এসে খুলনা টাইগার্সের নেতা হলেন তিনি। আর নেতৃত্বের অভিষেকেই পেলেন জয়ের দেখা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্চার্সকে ৪ উইকেটে হারিয়েছে তার দল।
মাত্র ১২২ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে আগ্রাসী সূচনা করেছিল খুলনা। তবে সেটা বড় করতে দেননি আল আমিন হোসেন। দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই তিনি ফেরান এভিন লুইসকে। তখন দলের রান ছিল ১৭। তিনে নামা শাই হোপও ৯ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক হিসেবে বিজয়ের সুযোগ ছিল ইনিংসটাকে বড় করে জয়ে অবদান রাখার। কিন্তু তিনি ফিরে যান মাত্র ৯ রান করেই।
তবে মিডল অর্ডারে আফিফ হোসেন ২৬ ও মাহমুদুল হাসান জয় ৩৯ রানে রান করে জয়ের বন্দরে নিয়ে যান দলকে। আফিফ ফিরে গেলেও জয় ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ফাহিম আশরাফ থেমে যান ১৫ রানেই। অপরাজিত থাকেন হাবিবুর রহমান সোহান। ম্যাচ সেরার পুরস্কার জিতেন ১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করা নাহিদুল ইসলাম।