দাফনের একদিন পর বৃদ্ধার লাশ পাওয়া গেল বাঁশঝাড়ে

দাফনের একদিন পর রাজশাহীর বাঘায় সুকোদা বেওয়া নামে এক বৃদ্ধার মরদেহ পাওয়া গেল পাশের বাঁশঝাড়ে। কবর থেকে তুলে তার মরদেহ ফেলে রাখা হয় সেখানে। এ সময় তার কাফনের দুই টুকরা কাপড় পাওয়া যায়নি।

শনিবার আড়ানী পৌরসভার চকরপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে। সুকোদা বেওয়া আড়ানী চকরপাড়া গ্রামের মৃত ছলেমান হোসেনের স্ত্রী।

জানা যায়, আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামে সুকোদা বেওয়া (৯০) বৃহস্পতিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে মারা যান। তাকে পারিবারিকভাবে জানাজা শেষে আসর নামাজ পড়ে চকরপাড়া কবরস্থানে দাফন করা হয়। শনিবার ফজর নামাজ পড়ে তার মেজ ছেলে জমির উদ্দিন মায়ের কবরের কাছে যান। কবরে দেওয়া বাঁশ উল্টানো ও মাটি খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে কবর থেকে প্রায় ৩০০ মিটার উত্তর দিকে বাঁশঝাড়ের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন। তবে যে কাফন দিয়ে তাকে দাফন করা হয়েছিল, কবরের মধ্যে বা লাশের শরীরে সেই কাফন নেই। পাঁচ টুকরা কাফনের মধ্যে বড় দুই টুকরা কাফনের কাপড় পাওয়া যায়নি। পরে বাজার থেকে পুনরায় কাফন কিনে শনিবার সকালে ওই কবরে তাকে দাফন করা হয়েছে।

আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চকরপাড়া গ্রামের লিটন হোসেন বলেন, বৃদ্ধা মারা যাওয়ার পর গ্রামের কবরস্থানে আমরা সবাই দাফন করি। সকালে দেখি তার কবর থেকে লাশ উঠানো এবং তার শরীরে কাফনের দুটি টুকরা নেই।