রাঙ্গামাটিতে দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ের দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। গতকাল শনিবার সকালে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা-বাঙ্গালহালিয়া এলাকায় এই গুলিবিনিময় বলে জানিয়েছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন।

তিনি বলছেন, ‘এটি এখানকার খুবই নিয়মিত একটি ঘটনার চিত্র। আমরা যতটুকু জেনেছি, পাহাড়ের দুই আঞ্চলিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং মগপার্টির মধ্যে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই তারা সটকে পড়ে। সেখানে আহত বা নিহত হওয়ার কোনো আলামত বা গুলির খোসা পাওয়ার তথ্য এখনো আমাদের কাছে নেই।

ওসি আরও জানান, পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সশস্ত্র কর্মীরা আধিপত্য বিস্তারের কারণে প্রায়শই এমন ঘটনায় লিপ্ত হয়।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেএসএস এবং মগপার্টির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি।’

এই গুলিবিনিময়ের ঘটনা সম্পর্কে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কিংবা মগপার্টির কাউকেই পাওয়া যায়নি, তাদের ভাষ্য জানতে। জনসংহতির একাধিক নেতাকে ফোন করলেও তাদের সংযোগ মেলেনি।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, ঘটনাটি জানার পর আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গেছে। তারা ফিরে এসে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার পর আমরা বিস্তারিত জানতে পারব। আপাতত সেখানে এমন একটি ঘটনার তথ্য আমারও নানাভাবে জেনেছি।