রাজশাহীর বাঘায় দুই কসাইয়ের দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক কসাই নিহত হয়েছে। নিহত মামুন হোসেন (৩০) বাঘার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আড়ানী হাটে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত কসাই খোকন পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, মামুন হোসেন আড়ানী হাটে গরু জবাই করে মাংস বিক্রি করছিল। এ সময় একই গ্রামের খোকন হোসেনও পাশে মাংস বিক্রি করছিলেন। দুজনের মধ্যে মাংসর দাম নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। আগে একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন। কিছু দিন আগে থেকে তারা ব্যবসা আলাদা করেছেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা কেজি মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায় খোকন।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, হত্যাকা-ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনার পর থেকে খোকন পলাতক রয়েছে।