মেসির জেতা দুই বর্ষসেরা পুরস্কার নিয়ে রোনালদোর বিরুপ মন্তব্য

গেল মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছিলেন আর্লিং হালান্ড। তাই ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে তাকে এগিয়ে রেখেছিলেন অনেক ফুটবল বিশ্লেষক। তবে ফিফা বর্ষসেরার ভোটে হালান্ডের সঙ্গে টাই হয় লিওনেল মেসির। পরে অধিনায়কদের ভোটে জয়ী হয়েছেন মেসি। বিতর্কও হয়েছে পুরস্কার ঘোষণার পর। এবার তাতে গলা মেলালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি মনে করেন ব্যালন ডি’অর বা ফিফা দ্য বেস্টের মতো শীর্ষ পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ফিফা দ্য বেস্ট নিয়ে রোনালদোকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তর দিতে গিয়ে রোনালদো এও বলেছেন, মেসি, হালান্ড, এমবাপ্পেরা পুরস্কারের যোগ্য ছিল না বিষয়টি এমন নয়। রোনালদো তার কথায় ইঙ্গিত করেন ব্যালন ডি'অরের কথাও। তিনি বলেন, ‘এর মানে এটা বলা নয় যে, মেসি (পুরস্কার দুটি জয়ের) যোগ্য নয় কিংবা (আর্লিং) হালান্ড বা (কিলিয়ান) এমবাপ্পে নয়। তবে (গোল) সংখ্যাগুলো তো আছে আর সংখ্যা কখনো ধোঁকা দেয় না। পুরো মৌসুম বিবেচনায় নেওয়া উচিত।’

রোনালদো ব্যালন ডি'অর জিতেছেন পাঁচবার। সর্বশেষ জিতেছিলেন ২০১৭ সালে। লিওনেল মেসি ব্যালন ডি'অর জেতেন আটবার। সবশেষ ২০২৩ এ জেতেন মেসি। 

সমালোচকদেরও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছেন রোনালদো। কথা বলেছেন তার ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় অধ্যায়ের শেষ দিকের সময় নিয়ে। ‘সংখ্যার গুরুত্ব আছে। যদি পেছনে ফিরে তাকান জাতীয় দল ও ম্যানচেস্টার ইউনাইটেডে কী হয়েছিল দেখেন (কোচ ও কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের টানাপড়েনে ২০২২ সালের নভেম্বরে দুই পক্ষের সমঝোতায় চুক্তি শেষ হয়), তখন মানুষ ভেবেছিল আমি হারিয়ে গেছি- কিন্তু সত্যি হলো আমি লক্ষ্যেই ছিলাম এবং আল নাসরে দারুণ সময় কাটালাম; আর এ কারণেই ৫৪টি গোল করলাম।’ গ্লোব সকারের তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন রোনালদো।