হেলিকপ্টারে চড়ে শাহজাদপুর গেলেন বাপ্পা মজুমদার!

২০ জানুয়ারি কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার হেলিকপ্টারে চড়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে গেলেন। করতোয়া কলেজ মাঠে হেলিকপ্টার অবতরণকালে তাকে দেখার জন্য অনেক মানুষের ভীড় হয়। 

একটি মহৎ উদ্দেশ্য নিয়ে শাহজাদপুর যান বাপ্পা। সেখানে তিনি গানে গল্পে উৎসাহিত করেন হাজার হাজার ছাত্রছাত্রীদের। এ আয়োজন করেছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন তথা কে.এম.আর.এফ। তারা সেদিন সিরাজগঞ্জ জেলার সবকটি উপজেলার ১১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও সম্মাননা সনদ প্রদান করেছে। 

 
 শাহাজাদপুরের তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশাল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে.এম.আর.এফ'র চেয়ারম্যান খাজা টিপু সুলতান। সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মীর মোহম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। 

 এ আয়োজনে বাপ্পা মজুমদারের উপস্থিতি হৃদয় কাড়ে হাজার হাজার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকমন্ডলীর। 'দিন বাড়ি যায়' ও 'গাড়ি চলে না' গান দুটি পরিবেশন করে তিনি মুগ্ধ করেন উপস্থিতজনদের। সেই সাথে তিনি কে.এম.আর.এফ'র প্রতিষ্ঠাতা খাজা টিপু সুলতানকে ধন্যবাদ জ্ঞাপন করেন, ছাত্রছাত্রীদের মেধার বিকাশে এমন মহৎকর্ম প্রায় দুই যুগ ধরে করে আসায়। 

 এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নন্দিত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনি সুড়ঙ্গ সিনেমার ডায়লগ আওড়িয়ে উপস্থিত দর্শকদের আনন্দদান করেন।