গতকাল শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর চাউর হতেই নিশ্চিত হয়ে যায় শোয়েব-সানিয়া মির্জার বিচ্ছেদের বিষয়টি। বাকি ছিল সানিয়ার পক্ষ থেকে আসা কোনো বিবৃতির। অবশেষে সেটিও জানা গেল।
সানিয়ার ছোট বোন বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সানিয়ার পরিবার ও টিম সানিয়ার নামে দেওয়া সেই বিবৃতিতে লেখা হয়েছে, 'সানিয়া বরাবর তার ব্যক্তিজীবন জনসাধারণের থেকে আড়াল রেখেছেন। তবে আজ এটা জানানো প্রয়োজন হয়েছে যে শোয়েব ও সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে কয়েক মাস আগে। সানিয়া শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।'
পরিবারের পক্ষ থেকে সানিয়ার ব্যক্তিগত গোপনীয়তা সম্মানের সঙ্গে দেখার অনুরোধ করা হয়েছে, 'জীবনের স্পর্শকাতর এই সময়ে আমরা চাই সানিয়ার গোপনীয়তার বিষয়টি সম্মানের সঙ্গে দেখে যেন সবাই জল্পনা থেকে বিরত থাকেন।'
শনিবার ফরচুন বরিশালের হয়ে মাঠে নামার আগে ইনস্টাগ্রামে পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করেন। ছবি ও ক্যাপশন পড়েই তার নতুন বিয়ের খবর নিশ্চিত হয়ে যান সবাই।
২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়াকে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব। ২০০২ সালে আয়েশা সিদ্দিকী নামে আরেক নারীকে বিয়ে করেছিলেন বলে জানা গিয়েছিল।