ফের প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে এই নিয়োগ অবৈতনিক।

আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়।

এ দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

বিগত সরকারের আমলেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন জয়। গত ২৯ নভেম্বর এই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দলটির সভাপতি শেখ হাসিনা।