বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার মাহমুদুল হাসান। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নিয়মিত মুখ তিনি। টেস্টে নিয়মিত হলেও বাকি দুই ফরম্যাটেও ভালো করতে পারবেন বলে বিশ্বাস জয়ের।
এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন জয়। দলটির হয়ে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৪ বলে ৩৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। আজ অনুশীলন শেষে গণমাধ্যমকে জয় বলেন, 'একজন টেস্ট ক্রিকেটার হিসেবে বলবো যে, এটা কঠিন কিছু না। যারা টেস্ট খেলতে পারে তারা ওয়ানডে টি-টোয়েন্টিও ভালো খেলতে পারে আমি বিশ্বাস করি। আমার সেই আত্মবিশ্বাসটা আছে যে টি-টোয়েন্টিতে ভালো করবো।'
জয় মনে করেন টেস্টে ভালো করলে বাকি দুই ফরম্যাটে খেলা সহজ হয়ে যায়। বিপিএল শুরুর আগে বিকেএসপিতে অনুশীলন করেছেন নিজেকে তৈরী করতে। জয় আরও বলেন, 'দেখেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে বিকেএসপিতে কয়েকদিন অনুশীলন করি। ওইখানে আমরা খুব ভালো একটা ফ্যাসিলিটিজ পাই অনুশীলনের। সুতরাং ওখানে টি-টোয়েন্টির জন্য স্ট্রাইকরেট ভালো রাখার ব্যাপারটা নিয়ে কাজ করি। এভাবেই এডজাস্ট করে নেওয়া।'
বাংলাদেশের হয়ে ১১ টেস্ট খেলে ফেলেছেন জয়। জয়ের অবশ্য সুযোগ মিলেছিল এশিয়ান গেমস টি-টোয়েন্টি দলে। তবে সেখানে দুই ইনিংসে জয়ের রান মাত্র ৫। এশিয়ান গেমসের সেই ম্যাচ আন্তর্জাতিক মর্যাদা পায়।
আগামীকাল ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ খেলবে খুলনা টাইগার্স।