ঠাকুরগাঁওয়ের সদরে চলন্ত পাটবোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রাকা থাকা প্রায় ৫০ হাজার টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে । রবিবার (২১ জানুয়ারি) ভুল্লী এলাকায় তিয়াস-তিমুর পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটেছে।
ঘটনা জানার পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কিছু পাটের রক্ষা হয়েছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস পরিদর্শক মো. সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী পাটবোঝাই একটি ট্রাক রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার পাশে তিয়াস-তিমুর পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকে। এ সময় ট্রাকের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ হলে আগুন ধরে যায়। খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনেন।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মিয়া জানান, ট্রাকে আগুন লাগার ফলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্থ ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।