ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় লোকাল বাস থেকে নামিয়ে র্যাব পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মুকসুদপুর উপজেলার বগাইল গ্রামের কবির শেখের ছেলে আতিকুল ইসলাম শামীম (৩০)। তার পুখুরিয়া বাজারে একটি এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ইসলামী ব্যাংক ভাঙ্গা শাখা থেকে ১০ লাখ সাড়ে ৮ হাজার টাকা উত্তোলন করে লোকাল বাসে চড়ে পুখুরিয়া যাচ্ছিলেন আতিকুল। পুখুরিয়ার কাছাকাছি এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে চার জনের একদল র্যাব পরিচয়ে বাসের গতিরোধ করেন। বহু যাত্রীর ভেতর থেকে আতিকুলকে টাকার ব্যাগসহ নামিয়ে তাদের মাইক্রোতে (ঢাকা মেট্রো-চ-৫২-৬৪৯৭) উঠিয়ে নেন। পরে ভুয়া র্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা আতিকুলকে বেদম মারপিট করে টাকা কেড়ে নিয়ে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ভুয়া র্যাবের পিছু নেয়। সন্ধ্যার দিকে পদ্মা সেতুর দক্ষিণ ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় মাইক্রোবাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। ভুয়া র্যাব চক্ৰটি গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়ির ভেতরে থাকা সাড়ে আট হাজার টাকা জব্দ করে পুলিশ। আতিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, আতিকুল পুখুরিয়া বাজারে একটি এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন। রবিবার দুপুরের দিকে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে লোকাল বাসে পুখুরিয়া যাচ্ছিলেন। আমরা গাড়ি ও দশ টাকার আটটি বান্ডিল জব্দ করেছি। ভুয়া র্যাব চক্রকে গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে পুলিশ।