উচ্ছেদ অভিযানে ইটপাটকেল, পাল্টা গুলি পুলিশের

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার নতুন চরচাষী এলাকায় একটি অবৈধ কারখানা উচ্ছেদের সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক পুলিশ ও এক শ্রমিক আহত হন।

জানা যায়, গতকাল বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাছানের নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং আনসারদের সহায়তায় উপজেলায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালানো হয়। দুপুরে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী এলাকায় একটি অবৈধ কারখানা উচ্ছেদ করার সময় গ্যাসের সিলিন্ডারে ভেকুর আঘাত লাগলে বিকট আওয়াজ হয়। এ সময় কারখানায় উপস্থিত লোকজন ও উচ্ছেদ অভিযানে অংশগ্রহণকারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন অভিযান পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৩ রাউন্ড গুলি করে। আতঙ্কিত হয়ে ছোটাছুটির সময় কারখানার শ্রমিক ইসমাইল মিয়া এবং ইটের আঘাতে কনস্টেবল আবদুল হাসিম আহত হন।

ঘটনার সততা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’