সাতক্ষীরায় পিপির বিরুদ্ধে মানববন্ধন মুক্তিযোদ্ধাদের

সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা। গতকাল রবিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু। বক্তব্য দেন জিএম আবদুল গফুর, মোস্তফা নুরুল আলম, কামরুজ্জামান বাবু প্রমুখ।

মোশাররফ হোসেন মশু বলেন, ‘অ্যাডভোকেট আবদুল লতিফের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ থাকায় সাতক্ষীরা বার তাকে বারবার সার্টিফিকেট দাখিল করতে বললেও তিনি তা দাখিল করেননি। জাল সার্টিফিকেটধারী দুর্নীতিবাজ পিপিকে সরকার অবিলম্বে অপসারণ ও তার বিরুদ্ধে তদন্ত করুক। তা না হলে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ বৃহত্তর কর্মসূচি  দেবে।’

মুক্তিযোদ্ধা জিএম আবদুল গফুর বলেন, ‘পিপি লতিফ বিজিবির কনস্টেবল ছিলেন। অনিয়মের দায়ে চাকরিচ্যুত হন। এরপর ফিরে এসেই তিনি জাল সার্টিফিকেটে আইনজীবী বনে যান।’ এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল লতিফ তা এড়িয়ে যান। তিনি বলেন, ‘এটা তেমন কিছু না, মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভুল বোঝাবুঝি। মুক্তিযোদ্ধারা জামায়াত-শিবিরদের পক্ষ নেয়, আমি এটা কোনোমতে মেনে নিতে পারি না। তাই তারা এমন কর্মসূচি পালন করেছে।’