নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুরে নতুন করে ফিরিঙ্গীর সেতু নির্মাণে নানা অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। এসব অনিয়মের প্রতিবাদে গতকাল রবিবার সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
সমাবেশে স্থানীয়রা অভিযোগ করেন, এলজিইডি ফিরিঙ্গীর সেতু নির্মাণে পূর্ব অংশে বেশি জায়গা নেওয়ার কারণে উত্তর ও দক্ষিণ অংশের মানুষের যাতায়াতের সড়ক বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ভেঙে ফেলা সেতুর স্থানে সাময়িক যে সেতু করা হয়েছে, সেখানে যাতায়াতের জন্য পর্যাপ্ত জায়গা না রাখায় অ্যাম্বুলেন্স, পিকআপ এসব যানবাহন যাতায়াত করতে পারছে না। এ বিষয়ে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ বলেন, সেতুটি পুরোপুরি নির্মাণ শেষে উত্তর-দক্ষিণের যোগাযোগের রাস্তা দুটি পুলের অ্যাপ্রোচের (সংযোগ সড়ক) সঙ্গে সংযোগ করে দেওয়া হবে। এ ছাড়া স্থানীয়রা জায়গা না দেওয়ায় সাময়িক যাতায়াতের রাস্তাটি প্রশস্ত করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।