স্ত্রীসহ সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা দুদকের

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে কমিশনের উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি করেন। দুদকের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এই সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। প্রথম মামলায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে ১৩ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ১১১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জনের অভিযোগ করা হয়েছে। তিনি মাহবুব স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে মাহবুবুর রহমান মোট ১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৭৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। যার মধ্যে ১ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৬৮৫ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও বাকি টাকার কোনো বৈধ উৎস দুদকের অনুসন্ধানে মেলেনি।