লা লিগায় বার্সার জয়

হ্যাটট্রিকে ১০০তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন তরেস

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি ছিল বার্সেলোনার হয়ে ফেররান তরেসের ১০০তম। আর এই ম্যাচেই ক্লাবের হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন ২৯ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড।

শুধু হ্যাটট্রিকই নয়, করেছেন অ্যাসিস্টও। তোরেসময় ম্যাচে বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে বেতিসকে।

বেতিসের মাঠে ২১ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাস বক্সে পেয়ে জালে পাঠান অরক্ষিত তরেস। ২৫ মিনিটে লেভানডফস্কির শট পা দিয়ে ঠেকান বেতিস গোলরক্ষক রুই সিলভা। বিরতির আগে আরেকবার লেভা জালে বল পাঠিয়ে গোল পাননি। অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান তরেস। ইয়ামালের শট পোস্টে লাগার পর বাঁ পায়ের শটে জালে পাঠান তরেস। তবে বার্সেলোনার দুই গোলে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ৫৬ থেকে ৫৯ মিনিট এই সময়ের মধ্যে দুবার বার্সার জালে বল পাঠিয়ে সমতা ফেরান ইসকো।

প্রথমে বেতিসের একটি ক্রস পাঞ্চ করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি পেনা। বক্সের ভেতর থেকে বুলেট গতির হাফ ভলিতে ঠিকানা খুঁজে নেন ইসকো। ২০১৭ সালের অক্টোবরের পর এই প্রথম লা লিগার ম্যাচে জোড়া গোল করলেন ইসকো।

৮১ মিনিটে বদলি নামা ফেলিক্স বার্সার ত্রাতা হয়ে আসেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে তরেসের সঙ্গে ওয়ান-টু খেলে গোল করেন।

ম্যাচের যোগকরা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে চিপ শটে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

২০ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।