উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল

ম্যাক্সির জায়গায় ২৯ বলে সেঞ্চুরিকারী অস্ট্রেলিয়া দলে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার তিন দিন লাগেনি। টেস্টে দুর্দান্ত শুরুর পর ওয়ানডে দল ঘোষণাতেও চমক দিল স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের জন্য আজ ঘোষণা করা দলে নেই গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স-মিচেল স্টার্কের মতো বিশ্বকাপ জয়ীরা। ম্যাক্সওয়েলের বদলে ২৯ বলে সেঞ্চুরি করা জেক ফ্রেসার ম্যাকগার্ককে দলে ডাকা হয়েছে।

স্টিভেন স্মিথের নেতৃত্বে ঘোষণা করা দলে নতুন আছেন আরও দুজন। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা পেসার জাভিয়ের ব্রাটলেট ও লান্স মরিস।

গেল অক্টোবরে ২৯ বলে সেঞ্চুরি করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন ম্যাকগার্ক। ভেঙে দেন লিস্ট 'এ' ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্সের গড়া দ্রুততম (৩১ বলে) সেঞ্চুরির বিশ্বরেকর্ড। দা মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে ৩৮ বলে ১২৫ রানের ইনিংস খেলেছিলেন ম্যাকগার্ক। আন্তর্জাতিক ম্যাচ বাদেও আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর ঘরোয়া লিগের ওয়ানডে ম্যাচ লিস্ট এ হিসেবে স্বীকৃতি দেয়।

ওয়ানডে দল

স্টিভেন স্মিথ (অধিনায়ক), শেন অ্যাবোট, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, নাথান এলিস, জাভিয়ের ব্রাটলেট, জস ইংলিশ, মার্নাস লাবুশেন, ফ্রেসার মার্কগার্ক, লান্স মরিস, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।