ভারতের উত্তর প্রদেশের হিন্দু অধ্যুষিত শহর অযোধ্যায় আজ উদ্বোধন হতে যাচ্ছে হিন্দু দেবতা রামচন্দ্রের মন্দির রামমন্দির। সোমবার দুপুরে মন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রায় দুই হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিশাল আয়োজন করা হয়েছে। উদ্বোধনে উপস্থিত থাকবেন দেশের নানা প্রান্ত থেকে অন্তত ৮০০০ মানুষ। এছাড়া অনুষ্ঠানে থাকছেন তারকা অতিথিরাও।
রামমন্দির উদ্বোধনের পর মোদি অযোধ্যায় একটি জনসভাও করবেন। খবর আল জাজিরা ও আনন্দবাজার।
উদ্বোধনের অনেক আগে থেকেই বেশ আলোচনায় এই রামমন্দির। কারণ মুসলিমদের ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানেই তৈরি হয়েছে এ মন্দিরটি। মন্দিরের উদ্বোধনকে ঘিরে সাজ সাজ রব থাকলেও শঙ্কায় রয়েছেন অযোধ্যার মুসলিমরা।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে অযোধ্যার মুসলিম যুবক ইউসরা হুসেন বলেন, “রামমন্দির দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু প্রবেশের সময় আমাকে ঠাট্টা করা হয়েছিল, তারা মুসলিমদেরকে দেখে জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করে। আমি তাদের মধ্যে আক্রমণাত্মক বিজয়ের অনুভূতি দেখেছি।"
৩০ বছর আগে বাবরি মসজিদ ভাঙা নিয়ে যে ধর্মীয় দাঙ্গা তৈরি হয়েছিল তা আবারও দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় মুসলিমরা।
ভারতীয় সময় দুপুর ১২টার পর শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। ১১টা থেকে ১২টা পর্যন্ত মোদি রামমন্দিরের ভিতরেই থাকবেন। রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’র আচার-অনুষ্ঠান শুরু হবে ১২টা ৫ মিনিটে। টানা ৫০ মিনিট ধরে অনুষ্ঠান চলবে। ১২টা ৫৫ মিনিটে সব আচার-অনুষ্ঠান সেরে উদ্বোধনস্থল ছেড়ে বেরোবেন প্রধানমন্ত্রী।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এ ছাড়া শিবসেনার উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সিপিএমের সীতারাম ইয়েচুরিও জানিয়ে দিয়েছেন, ওই অনুষ্ঠানে থাকবেন না তারা।
ভারতের সরকারের হিসাব বলছে, অযোধ্যার রাম মন্দির নির্মাণকার্যের জন্য আনুমানিক ১৮০০ কোটি রুপি ( বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৩৭০ কোটি টাকা) খরচ হয়েছে।