লা লিগায় রবিবার রাতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কার্লো আনচেলত্তির দলের জয় নিয়ে প্রতিপক্ষ আলমেরিয়া বলছে, ছিনতাই করে ম্যাচ জিতেছে রিয়াল। এ বিষয়ে জাভিকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের হাতে কিছু নেই।
জাভি এ সময় আরও উদারহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন শুধু আলেমেরিয়া নয় বার্সেলোনার সঙ্গেও ছিনতাই হয়। যোগকরা সময়ে রিয়ালের ফিরে আসা নিয়েও কথা বলেছেন জাভি।
জাভি এই মৌসুমে বার্সেলোনার বিপক্ষে যাওয়া কিছু সিদ্ধান্তের কথা তুলে ধরে বলেন, 'আমি আগেই বলেছি এবার লিগ জেতাটা কঠিন হবে। অনেকের হয়তো মনে নেই কিন্তু আমি মনে করি এবারের চ্যাম্পিয়নশিপে আমরা আরও ছয় পয়েন্ট পেতে পারতাম। গ্রানাডায় ফেলিক্সের গোল না দেওয়া, রাফিনহার বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত..এগুলো অজুহাত নয়। এমনটিই হয়। ৯৫ মিনিটে বদলি নামা খেলোয়াড় একটি ক্রস করে আর…এমন কিছু বিষয় আছে যা আমাদের হাতে নেই। সবাই আজ (পড়ুন রবিবার) দেখেছে।'
এর আগে লা লিগায় আলাভেসের মাঠে যোগকরা সময়ের গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। গেল অক্টোবরে বার্সার ঘরের মাঠেও যোগকরা সময়ের গোলে জেতে রিয়াল।