হামাস

গত অক্টোবরে ইসরায়েলে হামলা প্রয়োজন ছিল, কিন্তু কিছু ভুল ছিল

গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলে চালানো নজিরবিহীন হামলাটি প্রয়োজনীয় ছিল বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে সেই হামলার কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছে সংগঠনটি।

সেদিনের হামলায় হামাসের যোদ্ধারা কেবল ইসরায়েলি সৈন্য এবং অস্ত্র বহনকারী ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করেছিল বলে দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রবিবার “আওয়ার ন্যারেটিভ" শিরোনামের ১৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে হামাস। প্রতিবেদনটির মাধ্যমে ইসরায়েলে চালানো ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের অভিযানের পটভূমি ও নৈতিক ভিত্তি স্পষ্ট করেছে তারা।

প্রতিবেদনে হামাস বলছে, “অভিযানটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ এবং একটি স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল।"

হামাসের প্রতিবেদনে আরও বলা হয়, হামাস ইসরায়েলি সামরিক অবকাঠামো ও লক্ষ্যবস্তু করার এবং সৈন্যদের বন্দী করার পরিকল্পনা করেছিল যাতে করে ইসরায়েলি কারাগারে বন্দী হাজার হাজার ফিলিস্তিনিকে মুক্তি করতে ইসরায়েলি কর্তৃপক্ষকে চাপ দেওয়া যেতে পারে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র এই সংগঠনটি বলছে, ‘হামলা বা সংঘাতের সময় বেসামরিক লোকদের ক্ষতি না করার বিষয়ে হামাসের সশস্ত্র শাখা তথা কাসাম ব্রিগেডের যোদ্ধাদের ধর্মীয় এবং নৈতিক প্রতিশ্রুতি রয়েছে।‘

রিপোর্টে আরও বলা হয়েছে, ‘যদি বেসামরিক লোকদের টার্গেট করার কোনও ঘটনা ঘটে থাকে; এটা ঘটনাক্রমে ঘটেছে এবং দখলদার বাহিনীর সাথে সংঘর্ষের সময় ঘটেছে।’

এতে আরও বলা হয়েছে, ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার দ্রুত পতনের কারণে এবং গাজার নিকটবর্তী অঞ্চলে বিশৃঙ্খলার কারণে আক্রমণের সময় ‘সম্ভবত কিছু ত্রুটি ঘটেছে’। অনেক ইসরায়েলি তাদের বিভ্রান্তির কারণে ইসরায়েলি সেনাবাহিনী এবং পুলিশের হাতে নিহত হয়েছে দাবি হামাসের।

১৭ বছর ধরে ইসরায়েলি অবরোধের অধীনে থাকা গাজা ভূখণ্ডটিতে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৬৫ হাজারের বেশি নাগরিক। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে হামাসের প্রতিবেদনে যুদ্ধোত্তর গাজার ইস্যুটিও সামনে আনা হয়েছে। এর একদিন আগেই অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের রাষ্ট্রত্বের বিরোধিতায় সরব হয়েছিলেন।