প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারানো আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের জন্য এই ম্যাচটির তাৎপর্য অনেক। আজ বাংলাদেশের যুবাদের হারাতে পারলেই ‘এ’ গ্রুপ থেকে পরের পর্বে যাওয়া নিশ্চিত হয়ে যাবে তাদের। সেই পথে শুরুর কাজটুকু ঠিকই করে রাখল তারা। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
নিজেদের প্রথম ম্যাচে মারুফ মৃধার ক্যারিয়ারসেরা পাঁচ উইকেট শিকারের পরও ভারতের দেওয়া ২৫২ রানের লক্ষ্যে মুখ থুবড়ে পড়তে হয় বাংলার যুবাদের। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এই ম্যাচে জয় ছাড়া অন্য যেকোনো ফল আসর থেকেই ছিটকে দেবে এশিয়ার চ্যাম্পিয়ন দল বাংলাদেশকে।
টস জিতে এই ম্যাচেও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাব্বী। শুরুতে নিয়মিত বিরতিতেই উইকেট নিচ্ছিলেন মারুফ-রাফি-জীবনরা। বাদ সাধেন কিয়ান হিলটন। পঞ্চম উইকেটে স্কট ম্যাকবেথকে নিয়ে গড়েন ৮১ রানের জুটি। রাব্বী ম্যাকবেথকে ফিরিয়ে সে জুটি ভাঙলেও পরের উইকেটে জন ম্যাকনেলির সঙ্গে ৪৩ রানের আরও একটি জুটি গড়েন হিলটন। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন হিলটন। ১০ রান দূরে থাকতে তাকে থামান মারুফ মৃধা। ১১২ বলে ১১ চার ও ১ ছয়ে ৯০ রান করে ফিরলেও আইরিশদের লড়াকু পুঁজি এনে দেন হিলটন। এছাড়া জর্ডান নিল ৩১, ম্যাকবেথ ২৭ ও ম্যাকনেলি ২৩ রান করেন।
বাংলাদেশের মারুফ ও শেখ পারভেজ জীবন দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান রাব্বী, রাফি ও বর্ষণ।