লা লিগায় গতরাতে ঘটে যাওয়া রিয়াল মাদ্রিদের অভুতপূর্ব জয়ের পরই ক্ষোভ দেখানো শুরু করে আলমেরিয়া। তাদের দাবি রেফারি সুবিধা পাইয়ে দিয়েছে রিয়ালকে। ক্ষুদ্ধ হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। পয়েন্ট টেবিলের সবার নিচে থাকা দলটি যে প্রথমার্ধে তাক লাগিয়ে দিয়েছিল ২-০ গোলের লিড নিয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনটি বিতর্কিত ঘটনায় মোড় পাল্টে প্রায় জিতে যাওয়া ম্যাচটিই হেরে যেতে হয়েছে আলমেরিয়াকে।
রিয়ালের তিন গোলের মধ্যে দুটিকেই বিতর্কিত বলে দাবি করেছে আলমেরিয়া। আরেক ঘটনায় তারা হয়েছে গোলবঞ্চিত। এই তিনটি ঘটনার সময়ই ম্যাচ রেফারি ফ্রান্সিসকো হোসে মায়েসো সিদ্ধান্ত নেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায়। বিতর্ক অবসানে স্পেনের ফুটবল ফেডারেশন প্রকাশ করেছে ভিএআরের সময়কার কথাবার্তার অডিও। এতে কিছুটা বোঝা যায় ওই সময় কী হয়েছিল।
বিতর্ক ১: ফাউল চেক না করে হ্যান্ডবল থেকে পেনাল্টি
প্রথম বিতর্কিত ঘটনাটি ম্যাচের ৫৩ মিনিটে। আলমেরিয়ার ডি বক্সের মধ্যে সেন্টার-ব্যাক কাইকি ফার্নান্দেজের হাতে বল লাগায় ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। আলমেরিয়ার দাবি ছিল তার আগেই কাইকিকে ফাউল করেন হোসেলু।
ওই সময়ের আলাপের অডিও:
ভিএআর: আমি মাঠের রিভিউ নেওয়ার পরামর্শ দিচ্ছি। যাতে আপনি (রেফারি) আলমেরিয়ার ডিফেন্ডারের হ্যান্ডবলের কারণে সম্ভাব্য পেনাল্টি চেক করতে পারেন।
রেফারি: ঠিক আছে, আমি এটা (মনিটরে) দেখতে যাচ্ছি।
ভিএআর: এটা সুপার স্লো করুন, যাতে তিনি (রেফারি) দেখতে পারেন।
রেফারি: ঠিক আছে, আমি স্ক্রিনের সামনে আছি।
ভিএআর: এটা দেখানো হচ্ছে। আমরা এটা সুপার স্লো করে দিয়েছি, আপনি যেন ভালোভাবে পরীক্ষা করে দেখতে পারেন। ঠিক আছে? আমি বাঁদিক থেকে আপনাকে আরেকটা ফুটেজ দেখাচ্ছি। আমি আপনাকে ওপর থেকেও দেখাচ্ছি। এখন আপনার কাজ, আপনি সিদ্ধান্ত নিন।
রেফারি: একদম ঠিক আছে। বল তার হাতে লেগেছে। আমি কার্ড না দেখিয়ে পেনাল্টি দিচ্ছি।
বিতর্ক ২: বেলিংহামকে ফাউল, আলমেরিয়ার গোল বাতিল
ম্যাচের ৬১ মিনিটে আলমেরিয়ার আরিবাস গোল করেন। তবে তার আগে মাঝমাঠে বেলিংহামের মুখে থাপ্পড় মেরেছিলেন আলমেরিয়ার এক খেলোয়াড়। সেটি ফাউল ছিল কি না, তা পরীক্ষা করে দেখতে চান রেফারি। পরে তিনি গোল বাতিল করে ফাউল দেন আলমেরিয়ার বিপক্ষে।
ওই সময়ের আলাপের অডিও:
ভিএআর: ফাউল হয়েছে কি না, তা দেখার জন্য আমি মাঠের রিভিউ দিচ্ছি। ঠিক আছে?
রেফারি: গতিটা দেখান।
ভিএআর: আমি আপনাকে সংঘর্ষের সময়টা দেখাচ্ছি, ঠিক আছে? আপনি চাইলে আমি আরও জায়গা নিয়ে দেখাতে পারি। যাতে করে আপনি এটা গোল পর্যন্ত দেখতে পারেন। খেলা চলছে এবং এটা গোলের পর শেষ হয়েছে। তাই আপনি আক্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন।
রেফারি: হ্যাঁ, আমি শুরুটা দেখতে পাচ্ছি। আমি রিয়াল মাদ্রিদের পক্ষে ফাউল দিচ্ছি ও গোল বাতিল করছি। আলমেরিয়ার ৬ নম্বর জার্সির খেলোয়াড়কে কার্ড দেখাচ্ছি। ঠিক আছে?
ভিএআর: জার্সি নম্বরটা আমরা শিগগিরই জানাচ্ছি। হ্যাঁ, ৬ নম্বরই।
বিতর্ক ৩: ভিনিসিয়ুসের গোল
৬৭ মিনিটে রিয়ালের সমতাসূচক গোলের সময় আবার ঘটে বিতর্ক। চুয়ামেনির ক্রসে ভিনিসিয়ুস গোল করেন। প্রথমে দেখে মনে হচ্ছিল, ভিনিসিয়ুস হেড থেকে গোল করেছেন। কিন্তু আলমেরিয়ার খেলোয়াড়েরা হ্যান্ডবলের আবেদন করেন। পরে দেখা যায় বল ভিনিসিয়ুসের কাঁধে লেগে জালে ঢুকেছে। বলটি ভিনিসিয়ুসের হাতের বৈধ জায়গায় লেগেছে কি না, সেটা পরীক্ষার জন্য ভিএআরের সাহায্য নেন রেফারি। পরে তিনি সেটি গোলই দেন।
ওই সময়ের আলাপের অডিও:
ভিএআর: আমি রিভিউ দিচ্ছি। যাতে করে আপনি সঠিক পজিশনটা দেখতে পান। বল কাঁধে লাগার জায়গাটায় থামাতে হবে। বল তাঁর ডান কাঁধে লেগেছে।
রেফারি: একদম ঠিক।
ভিএআর: আপনি তাহলে এটা পেয়েছেন।
রেফারি: ঠিক আছে, আমাকে খেলোয়াড়ের গায়ে বল লাগার মুহূর্তটা দেখান।
ভিএআর: এটা সুপার স্লো করুন। বল তার কাঁধে লেগেছে। আপনি এখন আক্রমণের সময় সম্ভাব্য ফাউল চেক করেন।
রেফারি: আমার কাছে আক্রমণের সময় কোনো ফাউল হয়নি।
ভিএআর: আমি আপনার সঙ্গে একমত। বলও কাঁধে লেগেছে। আমি এখন আপনাকে পেছন দিক আর ওপর থেকে দেখাচ্ছি।
রেফারি: ঠিক আছে, এটা তার কাঁধে লেগেছে এবং গোল। ফাউল হয়নি, আমি এটা গোলের সংকেত দিচ্ছি
অবশ্য ভিএআরের এই অডিও প্রকাশের পরও আলমেরিয়ার ক্ষোভ কমেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, ‘আজ ভিডিও অনেক এডিট করা হয়েছে। আমরা টেলিভিশনে যেসব দেখি, আপনরা কেন রেফারিকে সেই সব অ্যাঙ্গেল থেকে ঘটনাগুলো দেখান না?’
বিতর্কের পরও সান্তিয়াগো বার্নাবুতে এই ম্যাচের জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল। আর তলানীতেই থেকে গেছে আলমেরিয়া