কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক হিসেবে তিনবার বিপিএল শিরোপা জেতেন ইমরুল কায়েস। এবার তার জায়গায় দলটির অধিনায়কত্ব করছেন লিটন দাস। মিরপুরে অনুশীলনে এসে গণমাধ্যমের সামনে সেই বিষয়ে খোলাখুলি কথা বলেছেন ইমরুল। জানান, ‘দীর্ঘমেয়াদী ভাবনা থেকেই এবার দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে লিটন দাসকে।
বিপিএলে অধিনায়ক বদল নিয়ে গত আসরগুলোতে দেখা গেছে বেশ কিছু বিতর্কিত ঘটনা। টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্ব বদলের ঘটনাও আছে বেশ কিছু। তবে কুমিল্লার ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি। আর অধিনায়ক হিসেবে তো তিনি সফলও। সেই কুমিল্লাই এবার তাকে বদলে ফেলায় প্রশ্ন ও কৌতূহল ছিল বেশ।
ইমরুল জানান, ‘খুব স্বাভাবিক ছিল সব কিছু। কোনো জায়গা থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। কারণ এটা পেশাদার জায়গা। এখানে কী অর্জন করেছি, এর চেয়ে বড় জিনিস কী হচ্ছে বা কী হবে। আমার মনে হয়, কুমিল্লা সুদূরপ্রসারী পরিকল্পনায় নিয়ে এগোচ্ছে। আগামী ৪-৫ বছর কাকে দিয়ে দলকে নেতৃত্ব দেওয়ানো যাবে, সেটা নিয়েই তারা এগোচ্ছে। আমার মনে হয়, এটা খুব ভালো সংস্কৃতি।’
তিনি আরও যোগ করেন, ‘লিটন দাস সবসময় সেরা ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে সে যেসব সিরিজে অধিনায়কত্ব করেছে, নিজের কাজটা খুব ভালোভাবে করেছে এবং সফলভাবে সব কিছু পরিচালনা করেছে। আমার মনে হয়, লিটনের মাথা এবং সবকিছু খুব ভালো। সব কিছু ভালোভাবে সামলে নিতে পারে। আমরা আশা করি, এই দলটার হয়েও সে ভালো করবে।’
অনেকদিন পর ওপেনিং পজিশনে ফিরে নিজের ভালো লাগার কথাও জানান ইমরুল। মিরপুরে মঙ্গলবার ফরচুন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা। তাদের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।