আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ এবার নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কেউ কেউ ধূম্রজাল তৈরির চেষ্টা করলেও দেশের মানুষ এ নির্বাচন গ্রহণ করেছে। ৭ জানুয়ারি একটি ইতিহাস সৃষ্টি করেছে।
সোমবার (২২ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জরুরি সভার স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচন নতুন ইতিহাস তৈরি করেছে। ভোটে জনগণের মতের প্রতিফলন ঘটেছে। কিন্তু কিছু আঁতেল নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। ভোট হতে দেবে না, ভোটকেন্দ্রে যেতে দেবে না, এমন হুমকির মধ্যেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে।
মজুতদারকে হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনা বলেন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে। অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি করে যারা পণ্য মজুত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। কারসাজিকারীদের প্রয়োজনে জেলে পাঠিয়ে দেওয়া হবে। দেশে আর কখনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না।
বাজার নিয়ে কেউ যেন কোনো খেলা খেলতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে তারা অন্য পথে হাঁটছে। নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে। তবে সরকারের শুভফল মানুষের কাছে পৌঁছে দিতে চায় নতুন সরকার।