বিশ্বের অন্যতম বৃহৎ নারী স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইলের শতবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন করছে আন্তর্জাতিক ইনার হুইল জেল ৩৪৫, বাংলাদেশের অন্তর্ভুক্ত ক্ল্যাব সমুহ। এ উপলক্ষে আন্তর্জাতিক ইনার হুইলের প্রেসিডেন্ট ট্রিস ডগলাস, ভূতপূর্ব ইনার হুইল প্রেসিডেন্ট বীনা ভায়াস এবং সংস্থাটির সংবিধান চেয়ারম্যান সীশেল এইচ. মিচেলসন বাংলাদেশ সফর করছেন।
শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে গত ২০ জানুয়ারি তারা ইনার হুইল জেলা ৩৪৫ এর ক্ল্যাবগুলোর সদস্যদের সঙ্গে রাজধানীর উত্তরায় অবস্থিত ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল ভিজিট করেন এবং হাসপাতালটির নবজাত শিশুদের আইসিইউর জন্য বিভিন্ন মেডিক্যাল সরঞ্জাম হস্তান্তর করেন।
এছাড়াও তারা ইনার হুইল সদস্যদের অংশগ্রহণে পরিচালিত গাইনি ও প্রসূতি ওয়ার্ড পরিদর্শনের পর হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। তারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে শতবর্ষ উদযাপন উপলক্ষে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতবর্ষ পূর্বে ইনার হুইলের প্রতিষ্ঠাতা মার্গারেট গোল্ডিং এর আদর্শ ও উদ্দেশ্য কীভাবে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার বিভিন্ন উপায় নিয়ে অংশগ্রহণকারী সদস্যরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। বাংলাদেশে বিভিন্ন পেশায় এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য চারজন সফল নারীকে স্বীকৃতি প্রদান করা হয় আন্তর্জাতিক ইনার হুইল জেলা ৩৪৫ এর পক্ষ থেকে।
বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী এই সংগঠনটির মূল লক্ষ্য হলো ‘বন্ধুত্ব ও ব্যক্তি সেবা’। সংগঠনটি ১৯২৪ সালে ইনার হুইল নাম নিয়ে যাত্রা শুরু করলেও ১৯৬৫ সালে এর নাম পরিবর্তন করে আন্তর্জাতিক ইনার হুইল রাখা হয়। সামাজিক সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আন্তর্জাতিক ইনার হুইলকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল, ইউনেস্কো এবং ইউনিসেফে প্রতিনিধি মর্যাদা প্রদান করা হয়েছে।